গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
যোগফল প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ ঘটনায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফার ইস্ট, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স ল্যানজানি লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড ও এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড। এ ছাড়া মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ মোট ১৩টি কারখানা বন্ধ রয়েছে।
কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি চললেও কর্তৃপক্ষ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছে। তবে শ্রমিকদের একটি অংশ নির্ধারিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে বর্তমানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন